বলিউড তারকা আমির খানকে দেওয়া সাম্প্রতিক ফোনকলে হুমকি এবং অডিও বার্তার উৎস অনুসন্ধান করে জানা গেছে, এগুলোর পেছনে ব্যবহৃত আইপি অ্যাড্রেসগুলো সুইডেন ও কানাডার।
পুলিশ জানিয়েছে, কারাবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম ব্যবহার করে দেওয়া এসব হুমকি মূলত ‘ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল’ (ভিওআইপি) কলের মাধ্যমে করা হয়েছে। বিস্তারিত তথ্য উদ্ধারের জন্য সংশ্লিষ্ট দেশের প্ল্যাটফর্ম ও কর্তৃপক্ষের কাছে ইতোমধ্যেই চিঠি পাঠিয়েছে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যম ও সাংবাদিকদের মধ্যে ছড়িয়ে পড়া ওই অডিও বার্তাটিতে এক ব্যক্তি নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য ‘আরজু বিষ্ণোই’ হিসেবে দাবি করেন। অডিওতে হিন্দু নারীদের বিয়ের প্রসঙ্গ তুলে আমির খানের বিরুদ্ধে ‘লাভ জিহাদ’ প্রচারের অভিযোগ আনা হয়।
উল্লেখ্য, ৬১ বছর বয়সি এই অভিনেতা গত ৫ জুলাই তার তৃতীয় বিয়ে করেন। তার বর্তমান স্ত্রীর নাম গৌরী স্প্র্যাট।
বার্তায় এই ধরনের ঘটনা আর সহ্য করা হবে না সতর্ক করে দিয়ে বলা হয়, ‘শিগগিরই তার শ্বাস স্তব্ধ করে দেওয়া হবে।’ সেই সঙ্গে দাবি করা হয়, বিষ্ণোই গ্যাং এমন এক হামলা চালাবে যেন আমির খান ও তার সহযোগীরা পরবর্তীতে এই ধরনের পদক্ষেপ নেওয়ার আগে ‘শতবার চিন্তা করতে বাধ্য হন’।
এই ঘটনায় একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, অডিও ক্লিপটি ভারতে ছড়িয়ে পড়া এবং সাংবাদিকদের কাছে পৌঁছানোর আগে সম্ভবত এনক্রিপ্টেড মেসেজিং প্ল্যাটফর্ম ‘সিগন্যাল’-এর মাধ্যমে পাঠানো হয়েছিল।
হুমকির বিষয়ে অভিনেতা আমির খানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। তবে সাম্প্রতিক সময়ে হিন্দি চলচ্চিত্র শিল্পের একাধিক বিশিষ্ট ব্যক্তির ওপর লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের অব্যাহত হুমকির বিষয়টি বিবেচনায় রেখে সতর্ক অবস্থান নিয়েছে প্রশাসন।
মুম্বাইয়ের বান্দ্রার পালি হিলে অবস্থিত আমির খানের বাসভবনের বাইরে নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। হুমকি পাওয়ার সময় অভিনেতা দেশের বাইরে অবস্থান করলেও সম্প্রতি তিনি ভারতে ফিরেছেন।


